জাতীয়

ভোটারদের সুবিধার্থে ইসির ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপটি ব্যবহার করে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে সহজেই নিজ ভোটকেন্দ্রের অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, প্রার্থীদের হলফনামা, নির্বাচন সংক্রান্ত বিবিধ তথ্য এবং নির্বাচনের ফলাফলও জানা যাবে।

অ্যাপটি ব্যবহারের জন্য ইনস্টল করার পর ব্যবহারকারীকে জন্মতারিখ ও ভোটার আইডি নম্বর প্রদান করতে হবে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের ভোটকেন্দ্রের নাম, ঠিকানা এবং ভোটিং সিরিয়াল নম্বর সহজেই জেনে নিতে পারবেন।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language