বরিশালসহ ৬টি নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বরিশাল, ৬ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচদিন বাকি থাকায় দেশজুড়ে জোরলো প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বরিশাল অঞ্চলের তিনটিসহ মোট ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এদিন সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে তাঁর গণসংযোগ ও জনসভার কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর তিনি ধারাবাহিকভাবে পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল এবং বোয়ালমারীতে জনসভায় অংশ নেবেন। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে ফরিদপুর সদরে আয়োজিত জনসভায় তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। প্রতিটি জনসভায় দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দলীয় প্রধান।
আজকের কর্মসূচি শেষে আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটে চারটি জনসভায় অংশ নেবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করার পরিকল্পনা রয়েছে ডা. শফিকুর রহমানের। উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর এন এস কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।
এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









