বলিউড

মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’-কে নিয়ে বিতর্ক, হাইকোর্টে মামলা

মুম্বাই, ৬ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী এবার এক বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে এটি কোনো প্রশংসার কারণে নয়, বরং প্রখ্যাত পরিচালক নীরজ পাণ্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ নিয়ে তুমুল বিতর্কের কারণে। অভিযোগ উঠেছে, ছবিটি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে।

ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। মূল সমস্যা হলো ছবির নাম। ‘ঘুষখোর পণ্ডিত’ নামটি একটি বিশেষ সম্প্রদায়কে অপমানিত করছে বলে দাবি করছেন বিক্ষোভকারীরা।

দিল্লি হাই কোর্টে ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন আইনজীবী বিনীত জিন্দল। তার দাবি, ছবির এই নাম সরাসরি ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য মানহানিকর। তিনি আবেদনে উল্লেখ করেছেন যে, এমন নাম ব্যবহারের ফলে পুরো একটি গোষ্ঠী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। আইনজীবীর পক্ষ থেকে ছবিটির মুক্তি স্থগিত করার জোর দাবি জানানো হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ছবির ভেতরে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বা হিংসাত্মক সংলাপ থাকতে পারে, যা ভবিষ্যতে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই কারণে অবিলম্বে ছবিটি নিষিদ্ধ করার আবেদন করা হয়েছে আদালতে।

এই ক্রাইম থ্রিলার সিরিজে মনোজ বাজপেয়ী একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যার নাম অজয় দীক্ষিত। সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন নুশরত ভরুচা, সাকিব সালিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, শ্রদ্ধা দাস এবং কিকু শরদা।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে। তবে ছবির নাম পরিবর্তন হবে কি না বা আইনি লড়াই শেষে বর্তমান নামেই এটি মুক্তি পাবে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এনএন


Back to top button
🌐 Read in Your Language