মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

মুন্সীগঞ্জ, ৬ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এই ঘটনায় টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language