ইউরোপ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সৈন্য নিহত হয়েছে: জেলেনস্কি

কিয়েভ, ৬ ফেব্রুয়ারি – রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফ্রান্স টু টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, প্রায় চার বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে ইউক্রেনের সামরিক বাহিনীর অন্তত ৫৫ হাজার সদস্য প্রাণ হারিয়েছেন।

ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষই নিয়মিতভাবে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের প্রকৃত প্রাণহানির সংখ্যা সাধারণত গোপন রাখে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে আনুমানিক এক লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, জেলেনস্কির উল্লেখ করা সংখ্যা বাস্তব ক্ষয়ক্ষতির তুলনায় কম হতে পারে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এখনো থামেনি, যদিও তা বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে।

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুদ্ধ অবসানে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থান করছেন। সেখানে তারা রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন বলে জানা গেছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি বিষয় উঠে আসে।

শান্তি আলোচনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ জানান, আলোচনাগুলো ছিল বিস্তারিত ও ফলপ্রসূ। তবে তিনি উল্লেখ করেন, একটি টেকসই সমাধানে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড—বিশেষ করে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল—নিয়েই শান্তি আলোচনায় সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে। ক্রেমলিনের কঠিন শর্ত মেনে ইউক্রেন শান্তি চুক্তিতে যাবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language