জাতীয়

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। বর্তমান সাংবিধানিক প্রেক্ষাপটে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি।

বৃহস্পতিবার ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিইসি শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন। সাধারণত সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ান। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় তিনি দায়িত্ব পালনে অক্ষম।

সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদে নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকার বহাল থাকার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ কার্যকর হচ্ছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার শপথ পড়াতে ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন।

এছাড়া সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সিইসি এই দায়িত্ব পালন করতে পারেন।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language