নির্বাচনে পুলিশের সোশ্যাল মিডিয়া ব্যবহার ও প্রার্থীর সঙ্গে ছবি তোলায় নিষেধাজ্ঞা

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
তিনি জানান, নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নির্বাচন সংক্রান্ত কোনো ছবি, স্ট্যাটাস, ব্যক্তিগত মন্তব্য বা তথ্য কোনোভাবেই শেয়ার করতে পারবেন না। অতিরিক্ত আইজিপি প্রতিটি সদস্যকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সদর দপ্তর থেকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপরও জোর দেন তিনি।
পুলিশের নিরপেক্ষতা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে সহযোগিতা বা উপহার নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। খাবার বা ব্যক্তিগত প্রয়োজনের ব্যবস্থাও সদস্যদের নিজেদেরই করতে বলা হয়েছে।
নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া পুলিশের জন্য গৌরবের বিষয় হবে বলে মন্তব্য করেন সিআইডি প্রধান।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









