এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি – যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে যেখানে তাদের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
এসব নথির মধ্যে একটি খসড়া ইমেইল পাওয়া গেছে যেখানে এপস্টেইন দাবি করেছেন যে বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এক রুশ নারীর সঙ্গে গেটসের সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়েছে, এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে বিল গেটস এই ইমেইলের তথ্য পুরোপুরি অসত্য বলে দাবি করেছেন। ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য তিনি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। ওই ইমেইলটি মিথ্যা এবং সেটি কোথাও পাঠানো হয়নি বলেও তিনি দাবি করেন। এপস্টেইন কেন এমন কথা লিখেছিলেন বা তার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন গেটস।
তিনি জানান, ২০১১ সালে তাদের প্রথম পরিচয় হয় এবং পরবর্তী তিন বছর তারা একাধিকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে এপস্টেইনের কুখ্যাত ক্যারিবিয়ান দ্বীপে তিনি কখনোই যাননি এবং কোনো নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন।
বিল গেটসের একজন মুখপাত্রও একই সুরে কথা বলেছেন এবং জানিয়েছেন যে এসব অভিযোগ সম্পর্কে গেটস অবগত নন।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









