একুশে পদক ২০২৬ ঘোষণা: আইয়ুব বাচ্চু ও ববিতাসহ পাচ্ছেন ১০ জন

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – ২০২৬ সালের একুশে পদক বিজয়ীদের নাম ঘোষণা করেছে সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননার জন্য এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
ঘোষিত তালিকায় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সংগীতে মরণোত্তর পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এ ছাড়া ব্যান্ড সংগীতে জনপ্রিয় দল ওয়ারফেজ এবং সাংবাদিকতায় শফিক রেহমানকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত অন্যান্যরা হলেন চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অর্থী আহমেদ।
এর আগে গত বছরের জুলাই মাসের শেষ দিকে সরকার একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করেছিল এবং ৩০ অক্টোবরের মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









