জাতীয়

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামি শাওনসহ গ্রেপ্তার ৫

 

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. শাওন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও শোনা মিয়ার টেক এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য চারজন হলেন আনোয়ার, শাকিল, শুভ ও বেলাল। বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, একটি চাইনিজ কুড়াল, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, একটি রামদা ও মাদক পরিমাপের যন্ত্র।

এছাড়া তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাও জব্দ করা হয়। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, শাওনকে গ্রেপ্তারে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছিল। অবশেষে তাকে অস্ত্রসহ ধরা সম্ভব হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language