জাতীয়

নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তরের কথা জানালেন উপ-প্রেস সচিব

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি নাকচ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব তুলে দেওয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই পরিকল্পনার কথা জানান। সেখানে তিনি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া কিছু প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।

ফেসবুক স্ট্যাটাসে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি বা প্রচারণা যারা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। তার মতে, এই গোষ্ঠীটি কিছুদিন আগেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি করার চেষ্টা করেছিল।

তিনি আরও লেখেন, এখন যখন পরিষ্কার হচ্ছে যে নির্বাচন নির্ধারিত সময়েই হচ্ছে, তখন ওই মহল নতুন করে ষড়যন্ত্রমূলক বক্তব্য ছড়াচ্ছে। এসব অপপ্রচার আসলে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার একটি কৌশল।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, দুঃখজনক হলেও দেখা যাচ্ছে, এই ধরনের অসৎ প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। তবে বাস্তবতা হলো, এসব বিভ্রান্তির কোনো ভিত্তি নেই এবং এতে বিভ্রান্ত হওয়ারও কোনো কারণ নেই।

তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন শেষ হলে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কাজ শুধু একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা; এর বাইরে সরকারের কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক লক্ষ্য নেই।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language