জাতীয়

পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

পঞ্চগড়, ৫ ফেব্রুয়ারি – পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের পরেও মাইক ব্যবহার করে সভা করায় প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার পর বিধি অমান্য করে বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের পক্ষে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। নির্বাচনী আচরণবিধির ১৭ (২) ধারা লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, রাতে আচরণবিধি ভেঙে সভা চলায় এই জরিমানা করা হয়েছে এবং তাদের নিয়ম মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জানান, বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language