সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ১০ হাজার ৯০৬ টাকা
বাংলাদেশ, ৫ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবারও নতুন এই বর্ধিত দামেই বাজারে সোনা বিক্রি হচ্ছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির তারতম্য হতে পারে। এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা ঠিক করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









