লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ২

লক্ষ্মীপুর, ৫ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমানাবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. ইমরান ও মো. সজিব। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আরমান হাবিব অপু। আটক ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে এবং সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে আটককৃতদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল এবং ১১ রাউন্ড গুলি ছাড়াও দুটি ম্যাগাজিন ও চারটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও তাদের হেফাজত থেকে চারটি এলজি এবং ২৬ রাউন্ড শটগানের গুলি ও ৫৩টি আতশবাজি জব্দ করা হয়। অভিযানের সময় দুটি ককটেল ও একটি দেশীয় অস্ত্রসহ একটি বিপি উদ্ধার করে যৌথ বাহিনী। জানা যায় আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে সেনাবাহিনী এবং র্যাব ও পুলিশের টহল দল অংশগ্রহণ করে। উদ্ধারকৃত আলামতসহ আটক দুই যুবককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









