প্রবাসীদের পোস্টাল ব্যালট আজ না পৌঁছালে ভোট বাতিল হতে পারে

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের (৫ ফেব্রুয়ারি) মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে সেই ভোট গণনার বাইরে থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট সংক্রান্ত বিডি অ্যাপে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাররা ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখবেন। ঘোষণাপত্রটি সই করে সাদা ব্যালট খামসহ হলুদ খামের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে রিটার্নিং কর্মকর্তার কাছে সময়মতো পৌঁছাতে বিলম্ব হবে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









