দক্ষিণ এশিয়া

যুক্তরাষ্ট্রের রাস্তায় উবার চালাচ্ছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার

ইসলামাবাদ, ৪ ফেব্রুয়ারি – আর্থিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের যুক্তরাষ্ট্র শাখার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুরির সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে তিনি প্রবাসে কঠিন সময় পার করছেন। সাক্ষাৎকারে সুরি জানান যে তিনি কখনো ভাবেননি তাকে এমন কাজ করতে হবে তবে উবার চালিয়ে সৎভাবে রোজগার করতে পেরে তিনি গর্ববোধ করেন।

ইমরান খানের আদর্শে অবিচল থাকার কথা জানিয়ে তিনি বলেন যে বর্তমান সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার রয়েছেন। তিনি আরও দাবি করেন যে ক্ষমতায় থাকাকালে তিনি কোনো অবৈধ সম্পদ গড়েননি এবং সর্বদা মর্যাদার সাথে জীবনযাপন করেছেন। উল্লেখ্য যে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাসিম খান সুরি পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইমরান খানের প্রতি আনুগত্য দেখিয়ে পদত্যাগ করেছিলেন।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language