ত্রয়োদশ নির্বাচনে জিতলে পিআর পদ্ধতি চালুর প্রতিশ্রুতি জামায়াতের

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত ইশতেহারে ২৬টি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার দেশবাসীর সামনে তুলে ধরেন।
ইশতেহারে নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান সংস্কার করা হবে।
এছাড়া সব স্তরের নির্বাচনী ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সংসদে ন্যূনতম ৯০টি আসন অথবা ৩ শতাংশ ভোট প্রাপ্ত দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলা নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









