২৬ অগ্রাধিকার ও ১০ প্রতিশ্রুতি: জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – মোট ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এবং ১০টি মৌলিক প্রতিশ্রুতির কথা জানিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমির ডা. শফিকুর রহমান এই ইশতেহার তুলে ধরেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি বলেন যে রাজনীতিতে ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড় হলেও গত ৫৪ বছরে সেই স্লোগানের কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। ৪৭ থেকে জাতির স্বাধীনতার সূচনা এবং এরপর ৭১-এর বঞ্চনা ও ২৪-এর গণঅভ্যুত্থানকে তিনি একটির সাথে অপরটি সম্পর্কিত বলে উল্লেখ করেন।
এবারের ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’ যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।
‘চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ইশতেহারে ১০টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে পাঁচটি হ্যাঁ এবং পাঁচটি না সূচক অঙ্গীকার রয়েছে। এর মধ্যে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে হ্যাঁ এবং দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে না বলা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এবং ইশতেহারটি দেশ-বিদেশের ২৫০-এর বেশি বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









