জাতীয়

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাল বাংলাদেশ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ঢাকার পক্ষ থেকে পাঠানো এই আমন্ত্রণের বিষয়ে নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। প্রতিবেদন অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের নির্বাচনে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে এবারের নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন তা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে অনেকেই বর্তমানে তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

এস এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language