
ময়মনসিংহ, ৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জাতির কিসমতকে সঠিক রাস্তার ওপর দাঁড় করিয়ে দেয়ার নির্বাচন।
দেশ আজাদি না গোলামির পথে যাবে সেই সিদ্ধান্ত হবে এ নির্বাচনের মাধ্যমে। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির উল্লেখ করেন, উর্বর মাটি, পরিশ্রমী মানুষ এবং বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারেনি। তিনি বিগত ৫৪ বছরের নেতৃত্বের সমালোচনা করে বলেন, অসৎ ও ধোঁকাবাজ নেতৃত্ব জনগণকে বোকা বানিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, যার ফলে দেশের পাসপোর্টের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রয়োজনীয় বাজেট ও জনবলের অভাবে কৃষিতে কাঙ্ক্ষিত বিপ্লব ঘটেনি। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণ ইনসাফের পক্ষে রায় দিলে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
ডা. শফিকুর রহমান শিক্ষা খাতের অবহেলা ও দলীয়করণের সমালোচনা করে বলেন, জাতি গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের টাকা লুট করে যারা বিদেশে আরাম-আয়েশে আছে, তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের তরুণ সমাজ ও নারীরা আর পুরনো, পরিবারতান্ত্রিক ও দখলদারিত্বের রাজনীতি চায় না উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণ ন্যায়ের পক্ষেই রায় দেবে।
এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে অপর এক জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দলীয় সরকার বা কেবল দলের বিজয় চায় না, বরং ১৮ কোটি মানুষের বিজয় চায়। তিনি উল্লেখ করেন, দল-গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক রাজনীতির দিন শেষ। এছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নোংরা রাজনীতি করছে। নারীদের প্রতি সম্মানের বিষয়টি উল্লেখ করে তিনি জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান।
এছাড়া আজ সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জোটের জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াত আমিরসহ ১১-দলীয় জোটের নেতাদের। সেখানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এস এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









