কুমিল্লা

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর হাতে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আটক

কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি – কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহপুর গ্রামে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর আলম মজিদপুর ইউপির বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। তিনি শাহপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে জাহাঙ্গীর আলম এলাকা ছাড়া ছিলেন। বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনী পথসভা চলাকালীন তিনি বিএনপিতে যোগদানের উদ্দেশ্যে এলাকায় ফিরে আসেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এদিকে জাহাঙ্গীর আলম আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার ছোট ভাই রিপন সরকার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর আলম। তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language