আফ্রিকা

বিশ্বের সেরা মন্ত্রীর পুরস্কার জিতলেন গাম্বিয়ার পর্যটন মন্ত্রী আবদোলি জোবে

গাম্বিয়া, ৪ ফেব্রুয়ারি – বিশ্বের সেরা মন্ত্রীর সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ডস বেস্ট মিনিস্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী আবদোলি জোবে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন।

বিশ্বজুড়ে ১০ জন প্রভাবশালী মন্ত্রীর মধ্যে চূড়ান্ত যাচাই বাছাঁই শেষে জোবেকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মূলত আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা এবং পর্যটন খাতের অভূতপূর্ব উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে সেরা নির্বাচিত করা হয়েছে।

তার বলিষ্ঠ নেতৃত্বে গাম্বিয়ার পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে এবং তিনি দেশটিতে হোটেল নির্মাণের জন্য জমি বরাদ্দ প্রক্রিয়া সহজীকরণসহ পর্যটনবান্ধব বিভিন্ন সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করেছেন। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবদোলি জোবে জানান যে পর্যটন শিল্পের বিকাশে দুবাইয়ের অভিজ্ঞতা তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে বিশ্বমঞ্চে গাম্বিয়ার পরিচিতি আরও বাড়বে এবং দেশটিতে পর্যটক সমাগম বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে সরকারি কাজে স্বচ্ছতা, উদ্ভাবনী শক্তি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং জনকল্যাণমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনার মানদণ্ডে বিচার করে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language