ধানের শীষের পোশাকে বরিশালের সমাবেশে নজর কাড়লেন ইউনুস

বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বরিশাল বেলস পার্কের মাঠে সারা শরীরে ঘাম থাকলেও চোখেমুখে ছিল উচ্ছ্বাস। ধানের শীষ দিয়ে তৈরি বিশেষ পোশাক পরে স্লোগান দিচ্ছিলেন ইউনুস হাওলাদার।
তাঁকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের আগ্রহের শেষ ছিল না। কেউ তাঁর ছবি তুলছিলেন আবার কেউ ফেসবুকে লাইভ করছিলেন। পটুয়াখালীর দুমকী উপজেলা থেকে আসা ইউনুস গত মঙ্গলবার বিকেলে বরিশালের জনসভায় যোগ দেন। গত বছরের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি অন্তত ২৩টি সমাবেশে ধানের শীষে তৈরি এই পোশাক পরে অংশ নিয়েছেন। ইউনুস জানান দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি সমাবেশে অংশ নেন এবং পোশাকের খরচ নিজেই বহন করেন। ২০১৮ সালের আগ পর্যন্ত তিনি রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক ছিলেন কিন্তু ছয়টি মামলার ভয়ে গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন।
বর্তমানে তিনি সেখানে অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। ইউনুস হাওলাদার জানান তিনি নিজের হাতে প্রায় ২০ কেজি ধান সংগ্রহ করে এই বিশেষ পোশাক তৈরি করেছেন। বরিশাল বিভাগ ও পটুয়াখালীর বিভিন্ন কর্মসূচিতে এই পোশাক পরে অংশগ্রহণের কারণে তিনি ধানের শীষের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে তিনি শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন। বিগত সরকারের আমলে নানা নির্যাতন সহ্য করেও তিনি রাজপথ ছাড়েননি বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। ৪৭ বছর বয়সী এই কর্মীর মতে ধানের শীষের পোশাক শুধুই প্রতীক নয় বরং এটি এক দীর্ঘ সংগ্রামের পরিচয়।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









