উত্তর আমেরিকা

হোয়াইট হাউজে ট্রাম্প ও পেত্রোর বৈঠক: বিরোধ শেষে সমঝোতার বার্তা

ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি – দীর্ঘদিনের বিরোধ ও বাকযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে হোয়াইট হাউজে মুখোমুখি বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকটিকে উভয় নেতাই অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী এই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নিয়ে কূটনৈতিক মহলে নানামুখী সংশয় থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিদেশি নেতাদের অভ্যর্থনায় সচরাচর যে জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যায় পেত্রোর ক্ষেত্রে তেমনটি ছিল না। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈঠক শেষে কোনো সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা না এলেও আলোচনা নিয়ে দুই নেতাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মাদকের চোরাচালান রোধে কোনো সমঝোতা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি জানান যে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন এবং পরস্পরের মধ্যে বোঝাপড়া চমৎকার হয়েছে। ট্রাম্প উল্লেখ করেন আগে পেত্রোর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি বলেই হয়তো তিনি তাকে চিনতেন না তবে এখন তাদের সম্পর্ক ভালো।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেখানে ট্রাম্পের হাতে লেখা একটি বার্তাও ছিল যেখানে তিনি কলম্বিয়ার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন।

এক রেডিও সাক্ষাৎকারে পেত্রো জানান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল হোয়াইট হাউজের বৈঠকে তার কোনো প্রতিফলন তিনি দেখেননি।

আলোচনায় পেত্রো কলম্বিয়ার বাইরে অবস্থানরত প্রভাবশালী মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ট্রাম্পের সহায়তা চেয়েছেন। পাশাপাশি প্রতিবেশী দেশ একুয়েডরের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন নিরসনে ট্রাম্পকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন তিনি।

জানা গেছে ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন এবং একুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language