জাতীয়

দুই দশক পর বরিশালের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বরিশাল, ৪ ফেব্রুয়ারি – দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালে এসে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছে বেলা ১২টা ২৫ মিনিটে তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় উপস্থিত হন।

তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এই সমাবেশ থেকেই তারেক রহমান বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও জোটভুক্ত শরিক দলগুলোর প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

প্রার্থীরা হলেন— জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. রাজিব আহসান (বরিশাল-৪), মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫), আবুল হোসেন খান (বরিশাল-৬); রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১), ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২), মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১), মো. নূরুল ইসলাম (বরগুনা-২); আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), মো. সহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২), মো. নুরুল হক (পটুয়াখালী-৩), এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪); আলমগীর হোসেন (পিরোজপুর-১), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩); আন্দালিভ রহমান (ভোলা-১), মো. হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ভোলা-৩) এবং মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪)।

এদিকে সমাবেশের এক দিন আগেই বরিশাল বিভাগের ছয়টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা বরিশাল নগরীতে আসতে শুরু করেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে জড়ো হতে থাকেন।

রাতে অনেকেই সমাবেশস্থলেই অবস্থান করেন। শুভেচ্ছা বিনিময়, স্লোগান ও নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে পুরো রাতজুড়ে সমাবেশস্থল ছিল সরব।

বুধবার সকাল থেকেই বরিশাল নগরী মিছিলে ভরে ওঠে। একের পর এক মিছিলে সকালেই সমাবেশস্থল প্রায় পুরোপুরি ভরে যায়।

বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয় বেলস পার্ক মাঠ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বেলা ১১টায় কোরআন ও গীতাপাঠের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। সে সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তৃণমূল বিএনপির কর্মী সভায় অংশ নিয়েছিলেন।

বরিশালের জনসভা শেষে দুপুর ১টার দিকে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে জনসভা শেষ করে তিনি হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language