আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি – আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ‘আক্রমণাত্মকভাবে ধেয়ে আসা’ ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। এটা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস-এর তথ্য অনুযায়ী, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।
বিবিসি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, ড্রোনটি যখন অজানা উদ্দেশ্য নিয়ে রণতরীর দিকে উড়ছিল, তখন মার্কিন রণতরীটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল। ক্যাপ্টেন হকিনস আরও জানান, এই ঘটনার সময় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরিস্থিতি এখনও উত্তপ্ত। এই সময়ে মার্কিন রণতরীর আশেপাশে ইরানের ড্রোনের উড়ান নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি চলমান পারমাণবিক প্রকল্প সীমিত করতে চুক্তিতে রাজি না হয়, তাহলে তার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









