মিয়ানমারে সু চির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নেপিডো, ১২ ফেব্রুয়ারি – মিয়ানমারে এনএলডি নেত্রী অং সান সু চির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে দেশটিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।
মিয়ানমার রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাওলামাইনে লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে ৩ জন আহত হয়।
আরও পড়ুন : মিয়ানমারে রাখাইনের মুখ্যমন্ত্রী গ্রেফতার
দেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে শতাধিক চিকিৎসক সাদা অ্যাপ্রোন পরে মিছিল করেছেন। নগরীর আরেক প্রান্তে ফুটবল সমর্থকরা জার্সি পরে হাতে ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেছে।
এই দুই শহর ছাড়া রাজধানী নেপিদু, উপকূলীয় শহর দাউই ও মিটকিনাতে বিক্ষোভ মিছিল হয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। আটক করে নেত্রী সু চিকে, জারি করে একবছরের জরুরি অবস্থা। এরপর থেকেই জান্তার বিরুদ্ধে জনরোষ বড় ধরনের বিক্ষোভে রূপ নিয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ ফেব্রুয়ারি









