শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়কে ‘স্বায়ত্তশাসিত’ প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান উপদেষ্টার

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – শিক্ষার গুণগত মান বাড়াতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

উপদেষ্টা মন্তব্য করেন যে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে হলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে একটি অটোনোমাস বডি বা স্বায়ত্তশাসিত কাঠামোর আদলে গড়ে তোলা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন যে নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও দেশে অনেক প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত ভালোভাবে পরিচালিত হচ্ছে যা তিনি সরেজমিনে পরিদর্শন না করলে বিশ্বাস করতেন না। এ ক্ষেত্রে তিনি প্রস্তাব করেন যে সরকার স্কুলগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেট প্রদান করবে এবং একটি তৃতীয় পক্ষ বা নিরপেক্ষ সংস্থা স্কুলগুলোর তদারকির দায়িত্ব গ্রহণ করবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশা বহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ফলে শিক্ষণ ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপের পরিচালিত একটি বিশ্লেষণধর্মী মাঠ সমীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেষ্টা আক্ষেপ প্রকাশ করে বলেন, যেসব স্কুল ভালোভাবে চলছে সেখানকার শিক্ষকরা নিজেদের কাজ নিয়ে গর্ববোধ করার সুযোগ পেলেও তারা আর্থিকভাবে কোনো বাড়তি প্রণোদনা বা সুবিধা পান না।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language