জাতীয়

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্টও হ্যাক

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাক হওয়ার পর এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাইবার হামলা হয়েছে। হ্যাকাররা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই তথ্য জানান এবং বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি সম্মানিত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হামলা হয়েছে। এর ধারাবাহিকতায় দুষ্কৃতকারীরা সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি হ্যাক করেছে।

তিনি আরও বলেন, রাত ৯টা ৩ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটিতে একটি পোস্ট দিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এমন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language