জাপানে ভারী তুষারপাতে মৃত ৩০, উদ্ধারকাজে সেনা মোতায়েন

টোকিও, ৪ ফেব্রুয়ারি – জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
নিহতদের মধ্যে ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন, যার মরদেহ তার নিজ বাড়ির সামনের তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনও ৪ দশমিক ৫ মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত তুষার জমে আছে।
মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে। মূলত জাপান সাগর উপকূলজুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ পরিমাণ তুষার জমেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আওমোরির আজিগাসাওয়া এলাকায় ৯১ বছর বয়সি বৃদ্ধা কিনা জিনের মরদেহ তুষারের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আবহাওয়া উষ্ণ হলে জমে থাকা তুষার গলে পড়ে। তুষারের পরিমাণ ও তাপমাত্রার ওপর নির্ভর করে ছাদের নিচে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
সোমবার আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, তুষার সরাতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য তিনি সামরিক বাহিনীর সাহায্য চেয়েছেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে অনেক জায়গায় ১ দশমিক ৮ মিটার উঁচু তুষার জমেছে। সড়ক ও বাড়ি থেকে বরফ সরাতে পরিচ্ছন্নতা কর্মীরা হিমশিম খাচ্ছেন। তুষারের চাপে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









