জাতীয়

সঞ্চয়পত্র বিনিয়োগে ৫ লাখ টাকা পর্যন্ত উৎসে কর ৫ শতাংশই

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জাতীয় সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর অর্জিত সুদের ক্ষেত্রে উৎসে কর হবে ১০ শতাংশের বদলে পাঁচ শতাংশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এনবিআর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে বলে কর আদায় সংস্থার একজন জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, পাঁচ লাখ টাকার মধ্যে পেনশনার সঞ্চয়পত্রের ওপর আগের মতো কোনো উৎসে কর কাটা হবে না। আর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের ওপর উৎসে কর ১০ শতাংশ ধার্য হবে।

গত জানুয়ারি মাস থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতে এনবিআর স্পষ্ট করেছে যে কত হারে উৎসে কর হবে।

চলতি বছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের কিছু ক্ষেত্রে সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সমালোচনার কারণে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন গ্রাহকরা আগের ছয় মাসের মতোই সুদ পাচ্ছেন।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language