জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাত ১২টার পর জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান শেষে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে সেই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ওই পোস্ট দেওয়া হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









