জাতীয়

বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে পরিবর্তন আনল ইসি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি কাজে সহায়তার জন্য ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের যে সিদ্ধান্ত ছিল, সেখান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে বিএনসিসি মোতায়েনের বিষয়ে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইসি জানিয়েছে, আগের নির্দেশনায় সংশোধন করে এখন শুধু পোস্টাল ব্যালটের ভোট গণনার কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষার কাজে বিএনসিসির সদস্যরা মোতায়েন থাকবেন।

মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে দেওয়া ভোট গণনার কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী সহায়তা দেওয়ার জন্য বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে ইসি ভোটকেন্দ্রে কেন্দ্রে বিএনসিসির ক্যাডেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিএনপি দাবি জানায়, তাদের ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language