ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মায়ানমার

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মায়ানমারে। অন্যদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রাত ৯টা ৩৪ মিনিটের দিকে মায়ানমারের আকিয়াব শহরের কাছে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। কক্সবাজার শহর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে এর অবস্থান হওয়ায় বাংলাদেশে বেশ ভারি কম্পন অনুভূত হয়েছে।
এর আগে একই দিনে ভোরের দিকে দেশে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, যা মৃদু শ্রেণির কম্পন হিসেবে বিবেচিত হয়। ভোরের ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভৌগোলিক বিচারে সেটির অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ পূর্ব দ্রাঘিমাংশে। এ এম/ ৩ ফেব্রুয়ারি ২০২৬









