জাতীয়

বিটিভিতে তারেক রহমানের ভাষণ প্রচারের ব্যবস্থা নিতে ইসির চিঠি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃপক্ষকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে এই নির্দেশনা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সব প্রার্থীর জন্য সমান প্রচারণার সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কমিশন বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়েও নির্দেশনা দিয়েছে

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৬ অনুযায়ী লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রম অনুসারে এই স্লট নির্ধারণ করার নিয়ম রয়েছে। ইসি জানায়, যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল প্রচারণার সুযোগ চেয়ে আবেদন করেনি তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চাওয়া তারিখ অর্থাৎ ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে দলটির প্রধানের বক্তব্য প্রচারের সুযোগ দিতে হবে।

প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিটিভি কর্তৃপক্ষ নিষ্পত্তি করবে। এবারের নির্বাচনে ৫১টি দল প্রার্থী দিয়েছে এবং ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত তারা নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাবে।

এস এম/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language