এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তার মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানান তিনি।
পোস্টে জয়নাল আবেদীন শিশির উল্লেখ করেন, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় লেখা ছিল—‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে। এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’
হুমকিদাতা নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।
পোস্টে এনসিপির এই নেতা আরও লেখেন, আজ সারাদিন ওই নম্বর থেকে অফলাইন ও অনলাইনে বারবার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি লেখেন, ‘হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া কি জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয়?’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। ‘আমরা থামতে জানি না, আমরা থামবো না—ইনশাআল্লাহ।’
এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬









