মুগদায় ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণ চুরি: মামাতো ভাই ও স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় চুরির ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ভুক্তভোগীর মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক এবং চোরাই স্বর্ণের ক্রেতা সাদ্দাম হোসেন।
ভুক্তভোগী ব্যাংকার তাজরীন খান আদ্রিতার বাসা থেকে প্রায় ২৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির অভিযোগে এই গ্রেফতার অভিযান চালানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে গত বছরের ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে আলমারির ড্রয়ার থেকে ১১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ৭০ হাজার টাকা চুরি করেন সৌমিক। চুরি যাওয়া গহনার মধ্যে ছিল পাঁচ ভরি ওজনের পূর্ণ সেট, চেইন, ব্রেসলেট, চুড়ি ও কানের দুল। ঘটনাটি নজরে আসার পর পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সৌমিক চুরির কথা স্বীকার করেন এবং জানান যে তিনি মানিকনগরের একটি জুয়েলার্সে এসব গহনা বিক্রি করেছেন।
মুগদা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা কাইয়ুম বাহাদুর জানান চুরির ঘটনায় প্রথমে জিডি ও পরে মামলা দায়ের করা হলে পুলিশ প্রথমে সৌমিককে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুয়েলার্স মালিক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।
এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬









