জাতীয়

বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের সমৃদ্ধি কামনা করলেন তারেক রহমান

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি এ কামনা জানান।

পোস্টে তারেক রহমান লিখেছেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

তিনি উল্লেখ করেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। তাই এই রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এই রজনী রমজানের আগমনী বার্তা দেয়। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।

বিএনপি চেয়ারম্যান আরও লিখেছেন, এ রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া। বিশ্বাসী মুসলমানগণ সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন তাদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো। মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহর নিকট কবুল হবে।

তিনি আরও বলেন, বিশ্ব শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর নিকট আমরা একান্ত মোনাজাত করব। আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language