শিক্ষা

কোচিং, নোট-গাইড ও প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধে বিধিমালা আনছে সরকার

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – শিক্ষাব্যবস্থাকে আরও মানসম্মত ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে কোচিং সেন্টার, নোট-গাইড ও প্রাইভেট টিউশন কার্যক্রম ধাপে ধাপে বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিধিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার খসড়া মতামতের জন্য অনলাইনে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত শিক্ষা আইন–২০২৬-এর খসড়ায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়ায় বলা হয়, প্রাথমিকভাবে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে এবং পর্যায়ক্রমে নিরুৎসাহিত করা হবে। আইন কার্যকর হওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোচিং সেন্টার স্থাপন, নোট-গাইড প্রকাশ ও প্রাইভেট টিউশন সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, কোচিং ও নোট-গাইড নির্ভরতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মৌলিক শেখার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। পাঠ্যবইয়ের বদলে গাইড ও নোটের ওপর নির্ভরতায় শিক্ষার্থীরা মুখস্থবিদ্যায় অভ্যস্ত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে শিক্ষার মান কমিয়ে দিচ্ছে।

তাঁরা আরও বলেন, কোচিং সংস্কৃতির ফলে আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীরা সুবিধা পেলেও দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। পাশাপাশি প্রশ্ন বিশ্লেষণ ও নিজস্ব চিন্তার পরিবর্তে প্রস্তুত উত্তর মুখস্থ করার প্রবণতা বাড়ছে, শ্রেণিকক্ষের গুরুত্ব কমে যাচ্ছে এবং শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাব্যবস্থা শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য। এজন্য দক্ষ শিক্ষক নিয়োগ, পাঠ্যবইভিত্তিক মূল্যায়ন এবং বিদ্যালয়ে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে কোচিং সেন্টার, নোট-গাইড ও প্রাইভেট টিউশন বন্ধ করা জরুরি বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language