
বরিশাল শিল্পকলা একাডেমি, ২ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান এবারের নির্বাচনে প্রথমবারের মতো বিএনসিসি সদস্যদেরও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হবে এবং নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য সংশ্লিষ্ট সব বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোর নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি ও সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্ব পালনে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবে না। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান নির্বাচনের সময় সারা দেশে এক লাখ সেনাসদস্য দেড় লাখ পুলিশ পাঁচ হাজার নৌবাহিনী ৩৭ হাজার বিজিবি ১০ হাজার র্যাব প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। ওই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২ ফেব্রুয়ারি ২০২৬









