জাতীয়

কেউ ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে তরুণ সমাজ জেগে উঠেছে, যার প্রমাণ দেখা গেছে ডাকসু, চাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নির্বাচনে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্য দিয়েই বাংলাদেশ তার নতুন পথ খুঁজে পাবে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এই বিষয়টি অস্বীকার করে, তাদের ২৬-এ লাল কার্ড দেখাতে হবে। তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজ স্বাধীনতার চেতনা জেগে উঠেছে এবং জনতার মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জামায়াতের আমির আরও বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি উল্লেখ করেন, আগে একটি স্লোগান ছিল—আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এবার এমনটা হবে না; যে দুজন ভোট দিতে আসবে, তাদের প্রতিহত করতে হবে।

বিজয়ের আগে বিশ্রাম না নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর সবাই নির্যাতিত ছিল। অথচ মাত্র ১৬ মাসের ব্যবধানে একটি দল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে তাদের দুর্নীতির স্বপ্ন ভেঙে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language