ক্রিকেট

মোস্তাফিজ ইস্যু ও ক্রিকেটের রাজনীতিকরণ নিয়ে শশী থারুরের কড়া সমালোচনা

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি – মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাব ফেলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে মোস্তাফিজ বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কঠোর অবস্থান গ্রহণ করে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় তারা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নানামুখী চাপের মুখেও বাংলাদেশ নিজেদের অবস্থানে অটল থাকে।

শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই পরিস্থিতিতে বাংলাদেশের যৌক্তিক দাবির প্রতি শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান। এমনকি আইসিসির সভায় একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে ভোটও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান নিজেও দ্বিধাদ্বন্দ্বে ছিল। পরবর্তীতে সরকারের সাথে আলোচনার পর বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এর ফলে আইসিসি ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।

পুরো বিষয়টি জটিল হওয়ার পেছনে মোস্তাফিজ ইস্যু এবং ভারতের দায় দেখছেন ভারতীয় কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। বার্তা সংস্থা এএনআইয়ের সাথে আলাপকালে তিনি জানান যে উভয় পক্ষ থেকেই খেলাধুলাকে রাজনীতিকরণ করা হচ্ছে যা অত্যন্ত লজ্জাজনক।

মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর বলেন, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতার দল থেকে বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এখানে রাজনীতির প্রভাব স্পষ্ট।

তিনি মনে করেন বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরিক্ত হলেও তা একই প্রবণতার বহিঃপ্রকাশ। পাকিস্তান এখন বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে। থারুর আরও যোগ করেন যে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন যে খেলাধুলা বিশেষ করে ক্রিকেট মানুষের আবেগের সাথে জড়িত। তাই এটি মানুষকে বিভক্ত করার পরিবর্তে একত্রিত করার মাধ্যম হওয়া উচিত। এই অচলাবস্থা নিরসনে আইসিসির মাধ্যমে দ্রুত পারস্পরিক আলোচনা শুরু করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language