
বরিশাল, ২ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন নির্বিঘ্ন করতে এবারই প্রথমবারের মতো বিএনসিসি সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে। সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
উপদেষ্টা জানান, উপকূলীয় অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি ও সিসি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি ড্রোন প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন ব্যাহত হতে পারে।
নিরাপত্তা ব্যবস্থার পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী দায়িত্ব পালনে সারা দেশে এক লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি সদস্য, ১০ হাজার র্যাব সদস্য, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড সদস্য এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। উক্ত সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ বরিশাল বিভাগের ঊর্ধ্বতন সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২ ফেব্রুয়ারি ২০২৬









