নারীদের অসম্মানকারী দলের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

খুলনা, ২ ফেব্রুয়ারি – নির্বাচনের আগেই যে রাজনৈতিক দল নারীদের অসম্মানিত ও অপদস্থ করেছে তাদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি দেশের নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন যারা তাদের এভাবে অপমানিত করে তাদের কীভাবে জবাব দেওয়া উচিত সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে। তারেক রহমান অভিযোগ করেন যে এদেশের লাখ লাখ মা ও বোনদের অসম্মানিত করেছিল ওই দলের পূর্বসূরি নেতারা এবং যাদের কাছে মানুষের আত্মসম্মানবোধের কোনো মূল্য নেই তাদের কাছে দেশের মানুষ নিরাপদ হতে পারে না।
তিনি উল্লেখ করেন একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। জামায়াতে ইসলামীর নারী কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বন্দি করতে চায় এবং অসম্মান করে কথা বলে তারা সুযোগ পেলে নির্বাচন পরবর্তী সময়ে কী আচরণ করতে পারে। বিএনপি নেতা আরও বলেন ওই দলটি কেবল নিজেদের স্বার্থ বোঝে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী ধর্মকে ব্যবহার করে। তিনি স্মরণ করিয়ে দেন যে ওই দলের একজন নেতা স্পষ্টভাবে বলেছেন তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না।
এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬









