সড়ক দুর্ঘটনা

মাদারীপুরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত, আহত ১

মাদারীপুর, ২ ফেব্রুয়ারি – মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে ট্রাকে করে মৌচাষিদের একটি দল মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language