ভূমিকম্পে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর ও আন্দামান

নয়াদিল্লি, ০২ ফেব্রুয়ারি – জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভোর ৫টা ৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
এনসিএসের তথ্যমতে, ভূমিকম্পটির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯.০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২.৭৮ ডিগ্রি।
ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ‘সিসমিক জোন–৫’-এর অন্তর্ভুক্ত, যা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি। অতীতে এই এলাকায় একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ ভূমিকম্পের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী সুনামি সৃষ্টি হয়েছিল। ওই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছিল বলে জানিয়েছে আন্দামান ও নিকোবর প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেন, সাধারণত অগভীর ভূমিকম্প গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ক্ষতিকর হয়। কারণ অগভীর ভূমিকম্পে উৎপন্ন কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ফলে ভূমি বেশি কাঁপে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









