জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯ আসনের ব্যালটে নেই ধানের শীষ

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ দেখা যাবে না। রাজনৈতিক সমঝোতা ও আইনি জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

দলীয় সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি আটটি আসনে প্রার্থী দেয়নি। ফলে এসব আসনে ধানের শীষ প্রতীকেও কোনো প্রার্থী নেই। এ ছাড়া আরেকটি আসনে আদালতের রায়ে বিএনপি প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় সেখানেও ধানের শীষ থাকছে না।

৩০০ আসনের সংসদে বিএনপি পাঁচটি মিত্র দলকে মোট আটটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে চারটি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি চারটি আসন পেয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণঅধিকার পরিষদ। এসব আসনে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীরা নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীক নিয়ে সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল প্রতীকে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকে লড়ছেন।

পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন আদালত চূড়ান্তভাবে বাতিল করায় ওই আসনেও ধানের শীষ প্রতীক থাকছে না।

সব মিলিয়ে আসন্ন নির্বাচনে নয়টি আসনের ব্যালটে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ অনুপস্থিত থাকবে। তবে কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিলেও দল ইতোমধ্যে তাদের বহিষ্কার করেছে।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language