শেখ হাসিনা, রেহানার তিন সন্তানের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ-৪ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে এ রায় ঘোষণা হতে পারে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককেও আসামি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া পরবর্তীতে মামলায় যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









