জাতীয়

ক্ষমতায় এলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে: শফিকুর রহমান

জামালপুর, ২ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রোববার দুপুর ২টার দিকে জামালপুর শহরের সিংহজানী হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, নারীদের নিরাপত্তা তিনটি স্থানে নিশ্চিত করা হবে যার মধ্যে রয়েছে গৃহ, যাতায়াত পথ এবং কর্মস্থল। যোগ্যতার মাপকাঠিতে নারীদের হাতে দেশ গড়ার গুরুদায়িত্ব অর্পণ করা হবে।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ হবে একটি ফুলের বাগানের মতো। এখানে ধর্ম, দলীয় পরিচয় কিংবা গায়ের রঙের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে।
শফিকুর রহমান মায়েদের ওপর যারা নির্যাতন বা কটূক্তি করে তাদের হুঁশিয়ার করে বলেন, আমরা কোনোমতেই এসব সহ্য করব না।

নারীদের সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মায়েরা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা বিড়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের পাঁচটি আসনেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। নির্বাচনে সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে দুটি ভোট রয়েছে। প্রথম ভোটটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, আর ‘না’ মানে গোলামি। যারা পুনরায় জাতির গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে।

গণভোটের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চান বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্য শেষে জামায়াতের আমির শফিকুর রহমান জামালপুরের পাঁচটি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। জামালপুর ৫ আসনের প্রার্থী ও দলের জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জামালপুর ৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জামালপুর ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর ৩ আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী এবং জামালপুর ২ আসনের প্রার্থী সামিউল হক ফারুকী।

এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language