বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ঢাকা, ২ ফেব্রুয়ারি – দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের জন্য বিভিন্ন প্রকল্প ও সহযোগিতা খাতে বাজেট বরাদ্দ কমিয়ে অর্ধেক করেছে ভারত সরকার।
রবিবার ভারতের লোকসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলাদেশের জন্য অনুদান হিসেবে ৬০ কোটি রুপি বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন।
এর আগের অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ রেখেছিল নয়াদিল্লি। অবশ্য পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে সেই অর্থের অঙ্ক কমিয়ে ৩৪ কোটি ৪৮ লাখ রুপিতে নামিয়ে আনা হয়েছিল।
ভারতে সাধারণত এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত অর্থবছর গণনা করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামগ্রিক অনুদান বরাদ্দ কিছুটা বাড়িয়ে ৫ হাজার ৬৮৫ কোটি ৫৬ লাখ রুপি করা হয়েছে যা আগের বছরে ছিল ৫ হাজার ৪৮৩ কোটি রুপি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনুদান প্রাপ্তির দিক থেকে এবারও শীর্ষে রয়েছে ভুটান এবং দেশটির জন্য ২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া নতুন বাজেটে নেপালের জন্য ৮০০ কোটি, মালদ্বীপের জন্য ৫৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি, মিয়ানমারের জন্য ৩০০ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত সরকার।
এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬









